৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ

কুড়িগ্রাম প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৪:০৮ পিএম
৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ

৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবিতে কুড়িগ্রামে সরকারি কর্মচারী পরিষদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকালে কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ কর্মসূচিটি সদর উপজেলার গেট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে কুড়িগ্রাম সদর উপজেলার প্রত্যেকটি দপ্তরের কর্মচারীরা অংশ নেন। এ সময় আন্দোলনকারীরা অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

কুড়িগ্রাম সদর উপজেলা সরকারি কর্মচারী ঐক্য পরিষদের সমন্বয়ক আল মামুনুর রশীদ বলেন, অবিলম্বে আমাদের ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। আরেক সমন্বয়ক জুঁই বলেন, ন্যায্য দাবি মেনে না নিয়ে প্রত্যেক কর্মচারীর সাথে অবিচার করা হচ্ছে।

বিক্ষোভ সমাবেশে এলজিইডি অফিসের কর্মচারী মমিনুল ইসলাম বলেন, সামান্য বেতনে পরিবার-পরিজন নিয়ে খুব কষ্টে দিনযাপন করতে হচ্ছে। 

সমন্বয়ক আরাফাত হোসেন বলেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে খাপ খাইয়ে চলা সম্ভব হচ্ছে না। এছাড়া শাহাদত হোসেন বলেন, দাবি মেনে না নিলে সামনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ইএইচ