গাইবান্ধা-৩ আসনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

মনিরুজ্জামান মিথুন, পলাশবাড়ী (গাইবান্ধা)  প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৫:০২ পিএম
গাইবান্ধা-৩ আসনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গাইবান্ধা-৩ নির্বাচনী এলাকার ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার দিনব্যাপী পলাশবাড়ী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস।

পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শেখ জাবের আহমেদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম ও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট আবু ছোলায়মান। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আল-ইয়াসা রহমান তাপাদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সারোয়ার আলম খান ও সহকারী নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান।

বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা দেন। পলাশবাড়ী উপজেলার ৭১টি ভোটকেন্দ্রের বিপরীতে প্রশিক্ষণ কর্মশালায় ৭১ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৪৪৭ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ৮৯২ জন পোলিং কর্মকর্তা অংশ নেন।

ইএইচ