পলাশবাড়ী পৌরসভায় সিসি ক্যামেরা ও সড়কবাতি স্থাপন

মনিরুজ্জামান মিথুন, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৪:৫২ পিএম
পলাশবাড়ী পৌরসভায় সিসি ক্যামেরা ও সড়কবাতি স্থাপন

গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা ও সড়কবাতি স্থাপন এবং ময়লা অপসারণের জন্য ড্রাম সরবরাহ করা হচ্ছে। এর মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আলোকিত ও পরিচ্ছন্ন হচ্ছে পলাশবাড়ী পৌরসভা।

পৌরসভা সূত্রে জানা গেছে, ২৪টি মৌজা নিয়ে পলাশবাড়ী পৌরসভা গঠিত। পৌরসভার ৯টি ওয়ার্ডের উন্নয়ন পরিকল্পনা অনুযায়ী গুরুত্বপূর্ণ স্থানে ১২টি সিসি ক্যামেরা এবং প্রতিটি ওয়ার্ডের বিভিন্ন স্থানে ৫০০ সড়কবাতি স্থাপন করা হয়েছে। 

এ ছাড়া পৌরশহরের বিভিন্ন মোড়, বসতবাড়ি, হোটেল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের পাশে ময়লা-আবর্জনা অপসারণের জন্য ২০০ ড্রাম সরবরাহ করা হয়েছে।

অগ্রাধিকার ভিত্তিতে পলাশবাড়ী পৌরসভার ঢাকা-রংপুর মহাসড়কের দুই পাশসহ জনসমাগমপূর্ণ এলাকাগুলোকে নিরাপত্তার আওতায় নিয়ে আসা হয়েছে। প্রয়োজন অনুযায়ী আরও সিসি ক্যামেরা ও আলোকবাতি সংযুক্ত করার কাজ অব্যাহত রেখেছে পৌর কর্তৃপক্ষ।

পৌর এলাকার বাসিন্দা অধ্যাপক এমএ মতিন জানান, সড়কবাতি স্থাপন এবং আবর্জনা অপসারণের জন্য ড্রাম সরবরাহে পৌর এলাকা আলোকিত ও পরিচ্ছন্ন হচ্ছে। অন্যদিকে সিসি ক্যামেরা স্থাপনের ফলে অপরাধ প্রবণতাও কমছে। এতে নিরাপত্তার সুফল পাচ্ছে এলাকাবাসীসহ সাধারণ পথচারীরা।

পৌর নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী মর্তুজা ইলাহী এ বিষয়ে জানান, পৌর এলাকা নিরাপদ, আলোকিত ও পরিচ্ছন্ন করার লক্ষ্যে পৌরসভার নিজস্ব অর্থায়নে এ কার্যক্রম অব্যাহত রয়েছে।

ইএইচ