সাভারের তেঁতুলঝোড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত হেমায়েতপুর আর্মি ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।
হেমায়েতপুর আর্মি ক্যাম্পের একটি টহল দল নিয়মিত টহলকালে তেঁতুলঝোড়া প্রাথমিক বিদ্যালয়ের কাছে তিন ব্যক্তিকে গাঁজা সেবনরত অবস্থায় দেখতে পায়। সন্দেহজনক আচরণের ভিত্তিতে তাদের আটক করে তল্লাশি চালানো হলে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা নিয়মিত গাঁজা সেবন এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাশের একটি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে ৩০ পট গাঁজা, ২৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ পিস অ্যাকুয়ামারিনা ডায়মন্ড, নগদ ২৫ হাজার ৩৮৪ টাকা, ভারতীয় ভিসাসহ দুটি পাসপোর্ট, ১৩টি চেক বই, গাঁজা ওজনের মেশিন, ইয়াবা সেবনের সরঞ্জামাদি, একটি রেজিস্টার, একাধিক মোবাইল ফোন ও দেশীয় অস্ত্র।
আটক ব্যক্তিরা হলেন, মো. সেলিম (৩০), বাবু (৪০) ও জুয়েল (৪০)। জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আগেও সাভার থানায় মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
অভিযান শেষে আটক ব্যক্তিদের উদ্ধার করা আলামতসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাভার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনী জানিয়েছে, মাদক ও অপরাধ দমনে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানে তারা সর্বদা প্রস্তুত রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন