নবাবগঞ্জে ভালো ফলনের আশা নিয়ে বোরো রোপণ শুরু

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৪:৫২ পিএম
নবাবগঞ্জে ভালো ফলনের আশা নিয়ে বোরো রোপণ শুরু

শস্যভাণ্ডার হিসেবে পরিচিত দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বোরো ধান রোপণের কাজ শুরু করেছেন চাষিরা। ভালো ফলনের আশায় সময়মতো চারা রোপণ করতে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন তারা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহিদুল ইসলাম ইলিয়াস জানান, চাষিরা ইতোমধ্যে বোরো রোপণের কাজ শুরু করেছেন। তবে এখনো পুরোদমে রোপণ শুরু হয়নি। 

সোমবার পর্যন্ত লক্ষ্যমাত্রার ৫ শতাংশ কাজ শেষ হয়েছে। আর দুই-চার দিনের মধ্যে পুরোদমে রোপণ কাজ শুরু হবে। আপাতত সার, বীজ ও পানির কোনো সমস্যা নেই।

উপজেলায় নিবিড় বার্ষিক ফসল উৎপাদন কর্মসূচির আওতায় চলতি বোরো মৌসুমে ১৭ হাজার ৮৫৫ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

কৃষি কর্মকর্তা আরও জানান, নির্ধারিত জমির মধ্যে হাইব্রিড জাত ৫ হাজার ৮৪৫ হেক্টর এবং উফশী জাতের ধান ১২ হাজার ১০ হেক্টর জমিতে চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

ইএইচ