আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুষ্টিয়া ও রাজবাড়ী জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নির্বাচনকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক।
বিজিবি জানায়, দক্ষিণ-পশ্চিম রিজিয়নের আওতায় ১৮টি জেলার ১০৮টি উপজেলায় মোট ৬২টি সংসদীয় আসনে প্রায় ২০০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া ও রাজবাড়ী জেলার ১১টি উপজেলায় অবস্থিত ৬টি সংসদীয় আসনে নিরাপত্তা নিশ্চিত করতে ১০টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। এসব এলাকায় ১৫ প্লাটুনের বেশি বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।
দৌলতপুর উপজেলায় অতিরিক্ত তিন প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। দুর্গম চরাঞ্চলে নিরাপত্তা জোরদারে মোটরসাইকেল টহল বাড়ানো হয়েছে। পাশাপাশি নৌপথে স্পিডবোট ব্যবহারের ফলে বিওপিতে পৌঁছানোর সময় ১৫–২০ মিনিটে নেমে এসেছে, যা বিজিবির আভিযানিক কার্যক্রমকে আরও গতিশীল করেছে।
নির্বাচনী এলাকায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবসহ অন্যান্য বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে যৌথ টহল পরিচালনা করা হচ্ছে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। সেখানে বিজিবির বিশেষায়িত ডগ স্কোয়াডের মাধ্যমে তল্লাশি ও এপিসি যান ব্যবহার করে টহল দেওয়া হচ্ছে।
এ ছাড়া ড্রোন, বডি ওর্ন ক্যামেরা ও সিসিটিভি ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
বিজিবি আরও জানায়, নির্বাচন উপলক্ষে অবৈধ অস্ত্র ও মাদক নির্মূলে ৪৭ বিজিবির অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২ ফেব্রুয়ারি দৌলতপুর বেইজ ক্যাম্পের অভিযানে একজন চোরাকারবারিসহ বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
অধিনায়ক বলেন, সরকার, নির্বাচন কমিশন ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে বিজিবি বিশ্বাস করে। সংবিধান ও আইনের আলোকে জনগণের আস্থার প্রতিফলন ঘটাতে বিজিবি তার দায়িত্ব পালন অব্যাহত রাখবে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন