কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সির বাসভবনে গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনের ট্রাক মার্কার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে দেবিদ্বার পৌর বিএনপি এই মতবিনিময় সভার আয়োজন করে।
এতে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য লিটন মিয়া এবং কুমিল্লা-৪ আসনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন। এ ছাড়াও গণঅধিকার পরিষদের নেতাকর্মী এবং দেবিদ্বার পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, গণঅধিকার পরিষদ ও বিএনপি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একসাথে ছিল। সেই থেকে বিএনপির মিত্র হিসেবে পরিচিত গণঅধিকার পরিষদ।
তিনি আরও বলেন, গণঅধিকার পরিষদ ও বিএনপি একসাথে যুগপৎ আন্দোলন করেছে। যেহেতু একটি পরিস্থিতির কারণে এই আসনে ধানের শীষ প্রতীক নেই, এই বিষয়টি নিয়ে আপনাদের মন খারাপ সেটি আমরা অনুধাবন করতে পেরেছি। এই আসনে বিএনপির জোট সঙ্গী গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী রয়েছে।
আবু হানিফ জানান, ইতোমধ্যে বিএনপি সাংগঠনিকভাবে অভ্যন্তরীণ নির্দেশনা দিয়েছে। আশা করি আজ বা কালকের মধ্যে বিএনপি দাপ্তরিক বা অফিসিয়ালি চিঠি দিয়ে নেতাকর্মীদের নির্দেশনা দিবে। সেজন্য সবার প্রতি আহ্বান থাকবে ধানের ভোটকে ট্রাকে রূপান্তরিত করা।
যারা বিএনপিকে ভালোবাসেন এবং ধানের শীষকে ভোট দিতেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কুমিল্লা-৪ আসনে ট্রাক মানেই ধানের শীষ মনে করে ভোট দিবেন। আপনারা মনে রাখবেন দেবিদ্বারে ট্রাক মার্কা জিতে গেলে জিতে যাবে ধানের শীষ।
এই এলাকায় যারা জাতীয়তাবাদী চেতনাকে ধারণ করেন, তাঁদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে যাতে ১২ তারিখ ট্রাক মার্কা জয়ী হয়। নিজেদের মাঝে কোনো ভুল বোঝাবুঝি কিংবা ভেদাভেদ থাকলে বৃহৎ স্বার্থে সেগুলো ভুলে একসাথে কাজ করার অনুরোধ জানান তিনি।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন