সাতকানিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৭:৫২ পিএম
সাতকানিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামের সাতকানিয়ায় সেনাবাহিনীর অভিযানে তিন হাজার ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানকালে মাদক উদ্ধারের পাশাপাশি দেশীয় তৈরি একটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে সেনাবাহিনী।

গ্রেপ্তার মো. কামাল প্রকাশ পিচ্চি কামাল (৩৫) লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সৈয়দ আহমদের ছেলে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ক্যাপ্টেন ইফানার নেতৃত্বে ক্যাপ্টেন সাব্বির আহম্মেদ সানি, লেফটেন্যান্ট সাদ ও লেফটেন্যান্ট মিথুনসহ ৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির একটি টহল দল মাদক কারবারি পিচ্চি কামালের বসতঘরে অভিযান চালায়। এ সময় তাকে গ্রেপ্তার করা হয় এবং বসতঘর তল্লাশি করে তিন হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

পরবর্তীতে তল্লাশির পরিধি বৃদ্ধি করে মো. রাকিব নামে এক ব্যক্তির বসতঘরে অভিযান চালানো হয়। সেখান থেকে দেশীয় তৈরি একটি দুইনলা বন্দুক ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তবে অভিযুক্ত রাকিব ওই সময় ঘরে না থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ বলেন, উদ্ধার করা মাদক, অস্ত্র ও গ্রেপ্তার কামালকে সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামি রাকিবকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সব ধরনের অপরাধীদের বিরুদ্ধে সেনাবাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।

ইএইচ