ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০৮:৫১ পিএম
ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস

পাবনার ভাঙ্গুড়া উপজেলার সিংগাড়ী এলাকায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহার করে মাছ ও জলজ প্রাণী নিধনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৪টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী ৩৮টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো ধ্বংস করা হয়।

জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫২ হাজার টাকা বলে জানা গেছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আজম জানান, নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহারের ফলে মাছের পোনা ও বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে ধ্বংস হয়, যা মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি। এ কারণে মৎস্যসম্পদ সংরক্ষণ এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান জেলেদের নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এম জি