পূর্বধলায় আবু তাহের তালুকদারের নির্বাচনী প্রচারণায় লুৎফুজ্জামান বাবর

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১০:৫৭ এএম
পূর্বধলায় আবু তাহের তালুকদারের নির্বাচনী প্রচারণায় লুৎফুজ্জামান বাবর

নেত্রকোনার পূর্বধলায় বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আবু তাহের তালুকদারের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার নারান্দিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

লুৎফুজ্জামান বাবর বলেন, পূর্বধলা আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু তাহের তালুকদার দলের একজন পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ নেতা। তিনি দীর্ঘদিন জেল-জুলুম সহ্য করেছেন এবং দলের দুঃসময়েও দৃঢ়ভাবে নেতৃত্ব দিয়েছেন। তাঁর যোগ্যতার ভিত্তিতেই দল তাঁর হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়েছে।

তিনি আরও বলেন, আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন। তারেক রহমানের আস্থাভাজন ব্যক্তি হিসেবে আগামী ১২ তারিখের নির্বাচনে আবু তাহের তালুকদারকে ভোট দিয়ে জয়ী করতে হবে। তাই কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আবু তাহের তালুকদার। তিনি তাঁর বক্তব্যে এলাকার উন্নয়নে ধানের শীষ প্রতীকের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবান সরকারের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আফতাব আহমেদ শাজাহান। সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটে।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রাবেয়া আলী এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব বাবুল আলম তালুকদার। এ ছাড়াও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সায়েদ আল মামুন শহীদ ও ইশতিয়াক আহেদ বাবুসহ দলীয় জ্যেষ্ঠ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এর আগে সকাল থেকেই নারান্দিয়া ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বিপুলসংখ্যক নেতাকর্মী সমাবেশস্থলে যোগ দেন। সভার শুরুতে প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান স্থানীয় নেতারা।

জেএইচআর