নাটোরের বাগাতিপাড়ায় শনিবার সকালে মিছিল ও পথসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা মহিলা বিভাগ। সুশৃঙ্খল এ কর্মসূচিতে সহস্রাধিক নারী কর্মী অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় নারী সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
শনিবার সকাল ১০টায় বাগাতিপাড়া পাইলট মাঠ থেকে মিছিলটি শুরু হয়।
উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি ইশরাত জাহান বেবীর নেতৃত্বে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মালঞ্চী রেলগেটে গিয়ে শেষ হয়। ব্যানার ও ফেস্টুন হাতে মিছিলে অংশগ্রহণকারী নারীরা ভোটাধিকার ও রাজনৈতিক সচেতনতার নানা স্লোগান দেন।
মিছিল শেষে মালঞ্চী রেলগেট এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়। কর্মপরিষদ সদস্য শামসুন্নাহার আয়শার সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইশরাত জাহান বেবী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের জামায়াত মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদের সহধর্মিণী ফাতেমা খানম এবং বাগাতিপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাবানা আক্তার।
বক্তারা বলেন, দেশের নারী সমাজ আজ আর পিছিয়ে নেই। শিক্ষা, সচেতনতা ও সাংগঠনিক শক্তির মাধ্যমে তারা সমাজ পরিবর্তনের গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠেছে। ন্যায়বিচার ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠায় নারীদের সক্রিয় ভূমিকা রাখা সময়ের দাবি।
প্রধান বক্তা ইশরাত জাহান বেবী বলেন, নারীরা ঘরের চার দেয়ালে সীমাবদ্ধ নয়। একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও সমাজ গঠনে নারীদের সচেতন অংশগ্রহণ অপরিহার্য। ভোট হলো নাগরিক অধিকার ও দায়িত্ব। এ দায়িত্ব পালনে নারীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
বিশেষ অতিথিরা আসন্ন জাতীয় নির্বাচনে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিতে এবং ভোটের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য নারী কর্মীদের প্রতি আহ্বান জানান। শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে কর্মসূচিটি সম্পন্ন হওয়ায় স্থানীয়দের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা গেছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন