আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) সংসদীয় আসনের নির্বাচনী চিত্র স্পষ্ট হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮১ হাজার ৭৫৩ জন।
ভোটার তালিকা অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ১ লাখ ৮৯ হাজার ৭৯৬ জন, নারী ১ লাখ ৯১ হাজার ৯৫৪ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৩ জন। পুরো আসনে ভোট গ্রহণের জন্য ১৩৫টি ভোটকেন্দ্র নির্ধারিত রয়েছে।
এ আসনে মোট ৯ জন প্রার্থী বিভিন্ন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন মো. ফারুক আলম সরকার (ধানের শীষ), মো. আব্দুল ওয়ারেছ (দাঁড়িপাল্লা), শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল), এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু (মোটরসাইকেল), নাহিদুজ্জামান নিশাদ (হাঁস), মোছা. রাহেলা খাতুন (কাঁচি), মো. আজিজুল ইসলাম (হাতপাখা), শ্রী নিরমল (কাস্তে) এবং হাসান মেহেদী বিদ্যুৎ (ঘোড়া)।
নির্বাচনকে ঘিরে সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় প্রার্থীদের গণসংযোগ ও প্রচারণা ক্রমেই জমজমাট হয়ে উঠছে।
এদিকে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এসআই পদমর্যাদার সদস্যদের কাছে বডি ক্যামেরা দেওয়া হয়েছে, যাকে বাড়তি নিরাপত্তার অংশ হিসেবে দেখছেন ভোটাররা।
সাঘাটা-ফুলছড়ি আসনের দুর্গম চরাঞ্চলে আকাশ ও স্থলপথে সেনাবাহিনীর উদ্যোগে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোকে চিহ্নিত করে বিশেষ নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন।
আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনী প্রচারণা চলবে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন