আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় কঠোর নির্দেশনা দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা।
তিনি বলেন, এ নির্বাচন শুধু একটি ভোট নয়, এটি রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালনের বড় পরীক্ষা।
শনিবার সকাল ১০টায় কর্ণফুলী উপজেলা অডিটোরিয়ামে ভোটগ্রহণ কর্মকর্তাদের মতবিনিময় সভা ও দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, নির্বাচন ঘিরে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ ফোর্স মাঠে নামানো হয়েছে। ফলে দায়িত্ব পালনে কোনো গাফিলতি বা পক্ষপাতের সুযোগ নেই।
তিনি সতর্ক করে বলেন, দায়িত্বপ্রাপ্ত হওয়ার দিন থেকেই কর্মকর্তাদের একমাত্র পরিচয় হলো তারা রাষ্ট্রের কর্মচারী।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো পক্ষের প্রতি ব্যক্তিগত ভালোবাসা থাকলেও দায়িত্ব পালনের সময় তা প্রকাশ করা যাবে না। রাষ্ট্রের প্রতি আনুগত্য ছাড়া অন্য কোনো আনুগত্য গ্রহণযোগ্য নয়। প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে এবং বাহিনীর সদস্যদের বডি ক্যামেরার মাধ্যমে সব কার্যক্রম নজরদারিতে রাখা হবে। কোনো কিছু লুকানোর সুযোগ নেই।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ভোটাররা প্রশ্ন করলে বা ব্যাখ্যা চাইলে কর্মকর্তাদের তা বুঝিয়ে বলার সক্ষমতা থাকতে হবে। কোনো নাগরিক যেন ভোট দিতে এসে বিভ্রান্ত না হয়। তিনি কর্মকর্তাদের নির্ভয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভায় চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব কান্তি রুদ্র সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নাজিব আহমেদ খাঁন, স্থানীয় সরকার উপপরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ, লে. কর্নেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সরকার, লে. কর্নেল মেহেদী হাসান ও মোহাম্মদ মোস্তাক আহমদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আল আমিন হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবা আক্তার ভূঁইয়া ও কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম।
এদিন কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজ ও উপজেলা অডিটোরিয়ামে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ৯০৬ জন কর্মকর্তা অংশ নেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন