ওসমান হাদির বাংলাদেশ গড়তে হবে: মাসুমা হাদি

নলছিটি প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৭:১২ পিএম
ওসমান হাদির বাংলাদেশ গড়তে হবে: মাসুমা হাদি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির বোন মাসুমা হাদি বলেছেন, ওসমান হাদি হত্যার বিচার এ বাংলার মাটিতে হতে হবে। বিচার না পাওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। এ রাষ্ট্রে কারো দাসত্ব মানা হবে না। যারা বিদেশি শক্তিকে পুঁজি করে ক্ষমতায় আসতে চায়, ভোটের মাধ্যমে তাদের জবাব দেওয়া হবে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ওসমান হাদির জন্মভূমি ঝালকাঠির নলছিটিতে এক বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন।

মাসুমা হাদি বলেন, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে দেখা করার চেষ্টা চালিয়েও তারা ব্যর্থ হয়েছেন। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় যমুনার সামনে শান্তিপূর্ণ অবস্থান নিলে পুলিশ ন্যাক্কারজনক হামলা চালায়। তিনি এ হামলার তীব্র নিন্দা জানান এবং জাতিসংঘে ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে প্রশাসনের অবস্থা এমন হলে সেই প্রশাসন দিয়ে কীভাবে সুষ্ঠু নির্বাচন করা হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করেছিলেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে। এতে বেশ কয়েকজন আহত হন।

ইএইচ