বাবার জন্য ধানের শীষে ভোট চাইলেন হিলালী কন্যা ব্যারিস্টার রুসাফা

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০২:২৯ পিএম
বাবার জন্য ধানের শীষে ভোট চাইলেন হিলালী কন্যা ব্যারিস্টার রুসাফা

নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর পক্ষে নির্বাচনী মাঠে নেমেছেন তাঁর কন্যা ব্যারিস্টার রুসাফা হিলালী। 

রোববার রাতে কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের কাওড়া বালিকা বিদ্যালয় খেলার মাঠে এক পথসভায় তিনি বাবার জন্য ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

ব্যারিস্টার রুসাফা তাঁর বক্তব্যে রফিকুল ইসলাম হিলালীকে একজন পরোপকারী ও জনদরদী মানুষ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, তাঁর বাবা ছাত্রজীবন থেকে রাজনীতি শুরু করেছেন এবং সবসময় নিজের পরিবারের চেয়ে মানুষের কল্যাণের কথা বেশি ভেবেছেন।

রুসাফা তাঁর ব্যক্তিগত জীবনের একটি উদাহরণ টেনে বলেন, তিনি যখন লন্ডন থেকে ব্যারিস্টারি পাস করেন, তখন উদযাপনের খরচ বাঁচিয়ে সেই টাকা গরিব ও অসহায় মানুষকে দান করার পরামর্শ দিয়েছিলেন তাঁর বাবা। এই ঘটনা থেকেই তিনি বুঝেছেন তাঁর বাবা সাধারণ মানুষকে কতটা ভালোবাসেন।

তিনি আরও বলেন, সুদূর লন্ডন থেকে তিনি এসেছেন কেবল এলাকার মানুষের সঙ্গে দেখা করতে এবং বাবার জন্য দোয়া চাইতে। বাবার সঙ্গে যখনই কথা হতো, তখনই তিনি কেন্দুয়া ও আটপাড়ার উন্নয়ন নিয়ে ভাবতেন। আগামী ১২ তারিখ সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।

গন্ডা ইউনিয়নের কাওড়া কেন্দ্র কমিটির আহ্বায়ক হাফিজুর রহমান জাহাঙ্গীরের সভাপতিত্বে এবং বিএনপি নেতা সুলতান মাহমুদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন রফিকুল ইসলাম হিলালী। অনুষ্ঠানে নওপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাঝাহারুল ইসলাম মাঝুসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেএইচআর