আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে নির্বাচন বানচাল প্রতিরোধে মহড়া চালিয়েছে যৌথবাহিনী।
সোমবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন এলাকা ও উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ মহড়া দেওয়া হয়। এতে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও র্যাবের সদস্যরা অংশ নেন।
যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, মহড়ার মাধ্যমে সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।
মির্জাপুর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর হাফিজ আল জূহেব বলেন, দুপুরে উপজেলা কমপ্লেক্সের সামনে থেকে পেট্রোলিং শুরু হয়। শান্তিপূর্ণভাবে একটি সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে এবং ভোটারদের আশ্বস্ত করতেই বিশেষ এ মহড়া পরিচালনা করা হয়েছে।
ভোটারদের আশ্বস্ত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া ইয়াসমিন বলেন, ‘আপনারা নিশ্চিন্ত মনে ভোটকেন্দ্রে আসুন, নিরাপত্তায় আমরা সজাগ রয়েছি। ভোটারদের মনে যেন কোনো ভয়-ভীতি সৃষ্টি না হয়, সেটি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আমরা সব বাহিনী মিলে একটি স্বচ্ছ ভোট গ্রহণের জন্য প্রস্তুত রয়েছি।’
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) আদনান মুস্তাফিজ, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, বিজিবির নায়েক সুবেদার ওহাব আলী ও র্যাব-১৪-এর ওয়ারেন্ট অফিসার আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট বাহিনীর অন্যান্য সদস্যরা।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন