আসন্ন জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে বিএনপির দলীয় কোন্দল মিটিয়ে প্রার্থীর পক্ষে একাট্টা হয়েছেন মনোনয়ন বঞ্চিত সকল নেতা। সোমবার বিকেলে তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজার হাইস্কুল মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় তাঁরা ধানের শীষের প্রার্থী কামরুজ্জামান কামরুলের পক্ষে ভোট প্রার্থনা করেন।
নির্বাচনী এলাকার হাজার হাজার নেতাকর্মী ও ভোটারের উপস্থিতিতে এই জনসভাটি কামরুলের শেষ নির্বাচনী প্রচারণায় পরিণত হয়। মনোনয়ন বঞ্চিত প্রার্থীরা ব্যক্তিগত ভেদাভেদ ভুলে গণতন্ত্র পুনরুদ্ধার ও এলাকার উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে কামরুলকে বিজয়ী করার আহ্বান জানান।
প্রাথমিক মনোনয়ন পাওয়া আনিসুল হক জনসভায় বলেন, আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে জাতীয়তাবাদী শক্তির ঐক্যের বিকল্প নেই। তাই দলীয় প্রার্থী কামরুলকে ভোট দিয়ে সংসদে পাঠানো এখন সময়ের দাবি।
আরেক মনোনয়ন প্রত্যাশী সালমা নজির বলেন, ধানের শীষ মানেই সম্প্রীতি ও অগ্রযাত্রা। দেশের উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় আগামী ১২ ফেব্রুয়ারি এই আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। একইভাবে ব্যারিস্টার লিটন আফিন্দি ও নিজাম উদ্দিনও প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী। তিনি বলেন, সুনামগঞ্জের অবহেলিত জনপদের ভাগ্য পরিবর্তনে বিএনপির প্রার্থীর বিজয় অত্যন্ত জরুরি। দলীয় কোন্দল ভুলে মনোনয়ন বঞ্চিতদের এই ঐক্য ভোটারদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
জনসভায় অন্যান্যের মধ্যে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক খসরুজ্জামান, জেলা বিএনপির সদস্য-সচিব এডভোকেট আব্দুল হকসহ স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা অভিযোগ করেন, নির্বাচনী এলাকার দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্য দূর করতে ধানের শীষের বিকল্প নেই।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন