জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৭:৫৩ পিএম
জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজাকে অর্থদণ্ড দিয়েছেন আদালত। 

মঙ্গলবার যুগ্ম জেলা ও দায়রা জজ এবং নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান মো. আব্দুল হাই এই আদেশ প্রদান করেন।

আদালত দুটি পৃথক মামলায় আমির হামজাকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে তাঁকে মোট ছয় দিনের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে রায়ের পর প্রার্থীর আইনজীবী দ্রুত জরিমানার টাকা পরিশোধ করেন।

মামলার বিবরণ অনুযায়ী, গত ৮ ফেব্রুয়ারি শান্তিডাঙ্গা গ্রামের এক ব্যক্তি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনেন। তদন্তে দেখা যায়, কুষ্টিয়া শহরের বিভিন্ন মোড়ে সাঁটানো প্রার্থীর ব্যানারে মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ও মুদ্রণের তারিখ উল্লেখ ছিল না।

আদালত চলাকালীন প্রার্থীর আইনজীবী ভুল স্বীকার করে জবানবন্দি দিলে সংক্ষিপ্ত আদালতের মাধ্যমে এই রায় দেওয়া হয়। রায়ে রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য নির্ধারিত আচরণ বিধিমালা-২০২৫ যথাযথভাবে মেনে চলার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার বাদী রাশেদ আহমেদ রায়ে সন্তোষ প্রকাশ করলেও অভিযোগ করেছেন যে, বিতর্কিত ব্যানারগুলো এখনো অপসারণ করা হয়নি। বিষয়টি এরই মধ্যে স্থানীয় রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

জেএইচআর