ফেনী সদর উপজেলায় সেনাবাহিনীর এক অভিযানে একটি বিদেশি পিস্তল ও চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামে যুবদল নেতা বদরুল আমীনের মালিকানাধীন একটি গরুর খামার থেকে এসব সরঞ্জাম জব্দ করা হয়।
সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হকদি গ্রামের ডাক্তার সাহাব উদ্দিনের বাড়ি সংলগ্ন ওই খামারে অভিযান চালায় সেনাসদস্যরা। তল্লাশিকালে খামারের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, খামার মালিক বদরুল আমীন সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দিদারুল আলমের ঘনিষ্ঠ সহযোগী। গত কয়েকদিন ধরে দিদারুল আলম আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকায় আত্মরক্ষার জন্য বা নিরাপদ রাখতে অস্ত্রটি এই খামারে লুকিয়ে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
ফেনী আর্মি ক্যাম্পের ইনচার্জ মেজর শাহরিয়ার অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্দকৃত পিস্তলসহ অন্যান্য সামগ্রী পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, সেনাবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধারের বিষয়টি তিনি অবগত হয়েছেন। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
নির্বাচনের আগমুহূর্তে অবৈধ অস্ত্র উদ্ধারে সেনাবাহিনীর এই তৎপরতা স্থানীয় সাধারণ ভোটারদের মাঝে স্বস্তি ও নিরাপত্তার বার্তা দিচ্ছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল জোরদার করা হয়েছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন