ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ অর্থাৎ ফরিদগঞ্জ আসনে ব্যাপক উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। সকাল সাড়ে সাতটা থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় ভোটকেন্দ্রগুলোতে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ভোট গ্রহণ কর্মকর্তারা জানান যে নির্ধারিত সময়েই ভোট শুরু হয় এবং এখন পর্যন্ত কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে যে নারী ও পুরুষ ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করছেন। পশ্চিম গাব্দের গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৮০ বছর বয়সী বৃদ্ধ রহিম উদ্দিন এবং পশ্চিম বড়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আছিয়া বেগম ভোট দিয়েছেন। ফরিদগঞ্জ মহিলা মাদ্রাসায় কোহিনুর বেগম ও রোওশনারা বেগম এবং ফরিদগঞ্জ এ আর পাইলট উচ্চ বিদ্যালয়ে আফিয়া বেগম তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
কেরোয়া হোসনেআরা বিদ্যালয়ে জাহাঙ্গীর আলম, চরবসন্ত প্রাথমিক বিদ্যালয়ে আলম, গাজীপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ে জাকির হোসেন এবং মানিক রাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমিন ভোট প্রদান করেন। ভোটাররা জানান যে এই প্রথম এত বিপুল সংখ্যক মানুষ ভোট দিতে এসেছেন। এর আগে কখনো এত ভোটার দেখা যায়নি। কোনো ধরনের ঝামেলা ছাড়াই ভোট দিতে পেরে তাঁরা আনন্দ প্রকাশ করেন। তবে ভোট দিতে কিছুটা দেরি হচ্ছে বলে কেউ কেউ অভিযোগ করেন।
ভোটারদের এমন উপচে পড়া ভিড় দেখে কেন্দ্রে দায়িত্বে থাকা ভোট গ্রহণ কর্মকর্তারাও আনন্দ প্রকাশ করেছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এই সংবাদ লেখা পর্যন্ত জানা গেছে যে কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের বাইরে হালকা ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।
এদিকে স্বতন্ত্র চিংড়ি প্রতীকের প্রার্থী এমএ হান্নান দাবি করেছেন যে ৬ নম্বর গুপ্টি পশ্চিম ইউনিয়নে নারীদের ভোটকেন্দ্রে আসতে একটি পক্ষ বাধা প্রদান করেছে। এই অভিযোগের বিষয়ে স্থানীয় প্রশাসন ও নির্বাচনী কর্মকর্তারা তদন্ত করছেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন