হাত-পায়ে ভর দিয়েই গণতন্ত্রের উৎসবে অংশ নিল তহুরা

রায়হান জামান, কিশোরগঞ্জ প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৭:০১ পিএম
হাত-পায়ে ভর দিয়েই গণতন্ত্রের উৎসবে অংশ নিল তহুরা

গণতন্ত্রের উৎসবে অংশ নিতে শারীরিক সীমাবদ্ধতা বাধা হয়ে দাঁড়াতে পারেনি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার দক্ষিণ জামাইল গ্রামের বাসিন্দা তহুরা আক্তারের কাছে। ৪০ বছর বয়সী এই নারী দুই হাতে ভর দিয়ে ভোটকেন্দ্রে পৌঁছেছেন শুধুমাত্র নিজের ভোটাধিকার প্রয়োগ করার জন্য।

বৃহস্পতিবার বিকেলে হোসেনপুর উপজেলার জামাইল জহুরুল হক মঈনুল উলূম ভোটকেন্দ্রে দেখা যায় এক অনন্য দৃশ্য। 

লাল শাড়ি ও ওড়নায় মুখ আচ্ছাদিত করে ধীরে ধীরে দুই হাতে ভর দিয়ে এগিয়ে যাচ্ছেন তহুরা। পাশে কোনো বিশেষ সহায়ক যন্ত্র ছিল না। মাটিতে ভর দিয়ে কষ্টসাধ্যভাবে কেন্দ্রে প্রবেশ করে তিনি নিজের ভোট প্রদান করেন। এ সময় উপস্থিত অনেকে বিস্ময় ও শ্রদ্ধায় তাঁর দৃঢ়তার দিকে তাকিয়ে থাকেন।

ভোট প্রদান শেষে তহুরা আক্তার বলেন, গত ১৭ বছর ভোট দিতে পারিনি। ১৭ বছর আগে খালেদা জিয়াকে ধানের শীষে ভোট দিয়েছিলাম। এবার দুটি ভোট দিতে পেরে নিজেকে আনন্দিত মনে করছি। ভোট আমার অধিকার, তাই কষ্ট হলেও আমি নিজে এসে ভোট দিয়েছি।

স্থানীয়রা বলছেন যে শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তহুরা কখনো নিজের নাগরিক অধিকার থেকে বিচ্যুত হননি। তাঁর এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অন্যদেরও অনুপ্রাণিত করেছে। কেন্দ্রের দায়িত্বে থাকা ভোট গ্রহণ কর্মকর্তা আবু সাঈদ বলেন, তহুরার মতো বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারদের উপস্থিতি নির্বাচনী পরিবেশকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আসলাম মোল্লা জানান যে এখন পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জেলা রিটার্নিং কার্যালয় সূত্রে জানা গেছে যে কিশোরগঞ্জের ছয়টি আসনে ৯১৩টি ভোটকেন্দ্রের ৫ হাজার ১০৫টি কক্ষে ভোটগ্রহণ চলছে।

জেলায় মোট ভোটার সংখ্যা ২৭ লাখ ২৭ হাজার। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ৯৪ হাজার ১৮৫ জন, নারী ভোটার ১৩ লাখ ৩২ হাজার ৭৮৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২৮ জন। গণতন্ত্রের এই উৎসবে তহুরা আক্তারের অংশগ্রহণ অদম্য ইচ্ছাশক্তি ও নাগরিক সচেতনতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

জেএইচআর