দিনাজপুর-৬ আসনে বেসরকারিভাবে বিজয়ী ডা. জাহিদ হোসেন

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৪:৫৭ পিএম
দিনাজপুর-৬ আসনে বেসরকারিভাবে বিজয়ী ডা. জাহিদ হোসেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ (হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১৪ হাজার ৪১৫ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই আসনের ১৯৯টি ভোটকেন্দ্রের ফলাফল ও ডাকযোগের ভোটসহ মোট ৪ লাখ ১০ হাজার ৬১২টি ভোট সংগৃহীত হয়েছে। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ৪ লাখ ১ হাজার ১১৮টি এবং বাতিল হয়েছে ৯ হাজার ৪২৪টি ভোট। এই আসনে মোট ৫ লাখ ৫৭ হাজার ৬৯৩ জন ভোটারের মধ্যে প্রায় ৭৩.৬৩ শতাংশ ভোট পড়েছে।

বিজয়ী প্রার্থী ডা. জাহিদ হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে মোট ২ লাখ ৫ হাজার ১১৮ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ারুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৯০ হাজার ৭০৩ ভোট। দুই প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হলেও শেষ পর্যন্ত জয়ের হাসি হাসেন বিএনপির এই প্রার্থী।

নির্বাচনে অংশ নেওয়া অন্যান্য প্রার্থীদের মধ্যে লাঙ্গল প্রতীকে ২ হাজার ৬৮৯ ভোট এবং হাতপাখা প্রতীকে ১ হাজার ৬৫৯ ভোট পড়েছে। এছাড়া মই প্রতীকে ৪৪৯ ভোট, ফুটবল প্রতীকে ৪১৮ ভোট এবং ঘোড়া প্রতীকে ১৫২ ভোট সংগৃহীত হয়েছে। বড় ব্যবধানে জয় নিশ্চিত হওয়ার পর এলাকায় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে ভোট গ্রহণ ও গণনা অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারির কারণে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এখন নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার প্রক্রিয়া চলছে।

জেএইচআর