গাজীপুর-৪ কাপাসিয়া আসনে জামায়াতের প্রার্থী জয়ী

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া (গাজীপুর) প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৫:৪৭ পিএম
গাজীপুর-৪ কাপাসিয়া আসনে জামায়াতের প্রার্থী জয়ী

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফলে বড় ধরনের চমক সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ বিহীন এই নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীর মধ্যে অভূতপূর্ব প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। এতে শেষ হাসি হেসেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী সালাহউদ্দিন আইউবি।

নির্বাচন কমিশন সূত্র অনুযায়ী, এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩০ হাজার ৯৯৭ জন। এর মধ্যে ২ লাখ ৪০ হাজার ৪৪ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বিজয়ী প্রার্থী সালাহউদ্দিন আইউবি দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ১ হাজার ৭৭৯ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের শাহ রিয়াজুল হান্নান পেয়েছেন ৯০ হাজার ৩৯০ ভোট।

সালাহউদ্দিন আইউবি ১১ হাজার ৩৮৯ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এবারের নির্বাচনে কাপাসিয়ায় ভোটার উপস্থিতিকে সন্তোষজনক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ডাকযোগের ভোটসহ মোট ১২৩টি কেন্দ্রে ভোট সংগৃহীত হয়েছে। এই আসনে ভোট প্রদানের হার ছিল প্রায় ৬১.৬৫ শতাংশ।

প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর বাইরে বাকি প্রার্থীদের প্রাপ্ত ভোট ছিল নগণ্য। জাতীয় পার্টির এনামুল কবির ২ হাজার ১৪৭ ভোট এবং ইসলামী আন্দোলনের মো. কাজিম উদ্দিন ২ হাজার ৩৪৮ ভোট পেয়েছেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী মো. শফিউল্লাহ ১ হাজার ৫২১ ভোট, সিপিবির মানবেন্দ্র দেব ১ হাজার ৯১ ভোট এবং অন্য প্রার্থীরা সামান্য কিছু ভোট পেয়েছেন।

ফলাফল ঘোষণার পর থেকেই পুরো কাপাসিয়া জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। সালাহউদ্দিন আইউবির সমর্থকরা রাস্তায় নেমে স্লোগানে মুখরিত করে তুলেছেন চারপাশ এবং নেতা-কর্মীদের মাঝে মিষ্টি বিতরণের ধুম পড়েছে। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নবনির্বাচিত এই সংসদ সদস্য।

আইনি প্রক্রিয়া শেষে খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের মাধ্যমে তিনি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব বুঝে নেবেন। পুরো নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এখন আনুষ্ঠানিক গেজেট প্রকাশের প্রস্তুতি চলছে।

জেএইচআর