রাজশাহীর ৬ আসনের চারটিতে বিএনপি ও দুটিতে জামায়াতের জয়

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৬:০৮ পিএম
রাজশাহীর ৬ আসনের চারটিতে বিএনপি ও দুটিতে জামায়াতের জয়

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের নির্বাচনী ফলাফল ঘোষিত হয়েছে। এতে চারটিতে বিএনপি এবং দুটি আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। 

বৃহস্পতিবার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে ১৬০টি কেন্দ্রের ফলাফলে জামায়াত প্রার্থী মুজিবুর রহমান ১ লাখ ৭১ হাজার ৭৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শরীফ উদ্দীন পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯০২ ভোট। ১ হাজার ৮৮৪ ভোটের ব্যবধানে এই আসনে জয় পেয়েছে জামায়াত।

রাজশাহী-২ (সদর) আসনে ১১৬টি কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু ১ লাখ ২৮ হাজার ৫৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতের ডা. মোহাম্মদ জাহাঙ্গীর পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৩৭০ ভোট। সদরের এই আসনে ধানের শীষের প্রার্থীর জনপ্রিয়তা আবারও প্রমাণিত হয়েছে।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে ১৩১টি কেন্দ্রের ফলাফলে বিএনপির অ্যাডভোকেট শফিকুল হক মিলন ১ লাখ ৭৬ হাজার ৩৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের অধ্যাপক আবুল কালাম আজাদ পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৯২৭ ভোট। এই আসনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

রাজশাহী-৪ (বাগমারা) আসনে ১২২টি কেন্দ্রের ফলাফলে জামায়াত প্রার্থী ডা. আব্দুল বারী সরদার ১ লাখ ১৫ হাজার ২২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ডি এম ডি জিয়াউর রহমান পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৪৬১ ভোট। এই আসনে জামায়াত প্রার্থী ৫ হাজার ৭৬৫ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেছেন।

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে ১৩২টি কেন্দ্রের ফলাফলে বিএনপি সমর্থিত প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম মণ্ডল ১ লাখ ৫৩ হাজার ৪২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাওলানা মনজুর রহমান পেয়েছেন ৭৩ হাজার ৪৪৫ ভোট। অন্যদিকে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বিএনপির আবু সাঈদ চাঁদ ১ লাখ ৪৮ হাজার ৬৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

রাজশাহী-৬ আসনে আবু সাঈদ চাঁদের নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের নাজমুল হক পেয়েছেন ৯২ হাজার ৯৬৫ ভোট। রাজশাহীর সবকটি আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। চূড়ান্ত ফলাফলে বিএনপি চারটি এবং জামায়াত দুটি আসনে নিজেদের জয় নিশ্চিত করল। এখন আনুষ্ঠানিক গেজেট প্রকাশের প্রক্রিয়া চলছে।

জেএইচআর