বিএনপি প্রার্থী

ভোটে পরাজিত হলেও নৈতিকতায় বিজয়ী হয়েছি

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৬:৫১ পিএম
ভোটে পরাজিত হলেও নৈতিকতায় বিজয়ী হয়েছি

পিরোজপুর-১ আসনের ধানের শীষের পরাজিত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন বলেছেন, আমরা ভোটে পরাজিত হলেও আদর্শে ও নীতি নৈতিকতায় বিজয়ী হয়েছি। আমাদের মনের মধ্যে যেটা ছিল জনগণের মাঝেও সেটা প্রকাশ করেছি। 

তবে অন্য একটি রাজনৈতিক দল মুখে আর অন্তরে ভিন্নতা দেখিয়ে প্রমাণ করে চলেছে যে, তাদের কথা আর কাজের মিল নেই। এক্ষেত্রে আমরা নৈতিকতায় বিজয়ী হয়েছি।

শনিবার ইন্দুরকানী উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির নেতাকর্মীসহ সাধারণ জনতার সাথে গণসংযোগ শেষে সংক্ষিপ্ত পথসভায় এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি জনগণের দল, জনগণ যে সিদ্ধান্ত দিয়েছে আমরা সেটাই মেনে নিয়েছি। মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র নিয়ে যে, স্বপ্ন দেখে গিয়েছেন, সেই স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে তারেক রহমানের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। 

আলমগীর হোসেন আরও বলেন, জামায়াতের নির্বাচনের আগের রূপ আর নির্বাচনের পরের রূপ সম্পূর্ণ উল্টো। তারা এই আসনে নির্বাচিত হওয়ার পরে বিএনপির বিভিন্ন নেতাকর্মীর বাড়িতে হামলা করেছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনকে অনুরোধ করেছি।

তিনি সকলের উদ্দেশ্যে বলেন, আসুন আমরা সকলে মিলে মিশে সকল ভেদাভেদ ভুলে পিরোজপুরকে সুন্দর করে সাজাই। পরবর্তী প্রজন্মকে সুন্দর কিছু উপহার দিয়ে যাই। 

এ সময় পথ সভায় উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক আ. রাজ্জাক হাং, সাবেক সাধারণ সম্পাদক ফায়জুল কবির তালুকদার, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসাইন, মাস্তান হাফিজ, জেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক তানজিদ হোসেন, জাসাস সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাড রেজাউল করিম শামীম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহিদুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

এএন