চট্টগ্রামের পটিয়া উপজেলায় পুকুরে ডুবে আব্দুর রহমান (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার বড়লিয়া ইউনিয়নের বাড়ৈকাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান প্রবাসী মামুন চৌধুরীর পুত্র। তাদের বাড়ি উপজেলার বড়লিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে।
পরিবার সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির আঙিনায় খেলছিল শিশুটি। এ সময় পরিবারের সদস্যরা পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে পুকুর থেকে উদ্ধার করা হয়।
স্থানীয়রা দ্রুত তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাদিয়া সুলতানা জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন