মাগুরায় লিচুবাগানে ঝুলন্ত মরদেহ উদ্ধার

মিরাজ আহমেদ, মাগুরা প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১১:৪৪ এএম
মাগুরায় লিচুবাগানে ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাগুরা সদর উপজেলার হাজীপুর এলাকায় একটি লিচুবাগান থেকে মো. নজির মন্ডল নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নজির মন্ডল দক্ষিণ মির্জাপুর বাল্যবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার ফটিক মন্ডলের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল দুপুরের দিকে নজির মন্ডল বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। স্বজনেরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। আজ সকাল সাতটার দিকে স্থানীয় লোকজন হাজীপুর এলাকার একটি লিচুবাগানে তাঁর মরদেহ দেখতে পান।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে বাগানে কাজ করতে গিয়ে তাঁরা গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে হাজীপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

হাজীপুর পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানায়। নজির মন্ডলের পরিবারের সদস্যরা জানান, তিনি দীর্ঘদিন ধরে পারিবারিক নানা দুশ্চিন্তায় ভুগছিলেন। এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জেএইচআর