নোয়াখালীতে জেলা আ.লীগের অফিস খুলে দেওয়ার ঘটনায় আটক ৫

নোয়াখালী প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৫:০২ পিএম
নোয়াখালীতে জেলা আ.লীগের অফিস খুলে দেওয়ার ঘটনায় আটক ৫

নোয়াখালীতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দলীয় স্লোগান ও দলীয় ব্যানার টাঙানোর ঘটনায় আওয়ামী লীগের পাঁচ কর্মীকে আটক করেছে সুধারাম থানা পুলিশ।

বুধবার সকাল ৭টায় কাদির হানিফ ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের নেতৃত্বে তালা ভেঙে ভেতরে প্রবেশ, বিভিন্ন স্লোগান ও দলীয় কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাঁদের আটক করে। প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একদল উত্তেজিত নেতাকর্মী দলীয় স্লোগান দিয়ে কার্যালয়ের মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন।

তাঁরা কার্যালয়টি নিজেদের দখলে নেন। এ সময় সেখানে আওয়ামী লীগের জেলা পর্যায়ের কোনো শীর্ষ নেতাকে দেখা না গেলেও কাদির হানিফ ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

কার্যালয় দখলের পর নেতাকর্মীরা বর্তমান ২৬-এর জাতীয় নির্বাচনে নোয়াখালী-৪ আসনে নবনির্বাচিত বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ শাহজাহানকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে স্লোগান দিতে থাকে।

এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে জানার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে মো. সফিকুল ইসলাম নাজিম, মো. কাউছার হামিদ, মো. জিয়াউল রহমান রাসেল, মো. আবু সাঈদ ও বিদ্যুৎ রঞ্জন পালকে আটক করা হয়।

ঘটনার পর আওয়ামী লীগের কার্যালয়ে আরেকটি তালা লাগিয়ে দেওয়া হয়েছে। এদিকে দীর্ঘদিন যাবত বন্ধ থাকা আওয়ামী লীগের কার্যালয় খোলার ঘটনায় বুধবার বিকেল ৫টায় জেলা শহর মাইজদীতে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জুলাই ঐক্য।

জেএইচআর