রাজশাহীকে ঘিরে নতুন পরিকল্পনার ইঙ্গিত দিয়ে দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, অনিয়ম বা দুর্নীতির সঙ্গে সরকারের কোনো আপস নেই। সততা ও নীতির প্রশ্নে বর্তমান সরকার কঠোর অবস্থানে রয়েছে।
শুক্রবার রাজশাহী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের কথা উল্লেখ করে বলেন, সততা ও কঠোর পরিশ্রমের মধ্য দিয়েই জনগণের ভাগ্যের পরিবর্তন সম্ভব।
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি পুরো রাজশাহীবাসীর সম্মান। জনগণের ভালোবাসা ও সমর্থনেই এই দায়িত্ব এসেছে। প্রায় দুই দশক পর রাজশাহীর জন্য নতুন করে পরিকল্পনা গ্রহণের সুযোগ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
দায়িত্ব গ্রহণের পরপরই তাৎক্ষণিক কোনো বড় প্রকল্প ঘোষণা না করলেও ভূমিমন্ত্রী উল্লেখ করেন, শিগগিরই রাজশাহীর উন্নয়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা তুলে ধরা হবে।
পরে সার্কিট হাউসের সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সভায় রাজশাহীর সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে গতি আনা এবং স্বচ্ছতা নিশ্চিতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাসিকের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে বিভাগীয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে নবনিযুক্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন