কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় তুলসী কান্তি রাউত নামের এক মুক্তিযোদ্ধা কমান্ডার নিহত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
নিহত তুলসী কান্তি রাউত মুক্তিযুদ্ধকালীন ডেপুটি কমান্ডার এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি উপজেলার চান্দপুর ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের মৃত যতীন্দ্র চন্দ্র রাউতের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ ভৈরব আঞ্চলিক মহাসড়কের ভোগপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় একটি পিকআপ ভ্যান তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার দুপুর আড়াইটায় রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ এবং উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান।
উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে আরও ছিলেন সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, ওসি তদন্ত হাবিবুল্লাহ খান এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. ইসরাইল মিয়াসহ অনেকে। রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন শেষে পৌর এলাকার ঘোষপাড়া কেন্দ্রীয় শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
গভীর শোক ও শ্রদ্ধার মধ্য দিয়ে এলাকার বীর সন্তানকে বিদায় জানান কটিয়াদীবাসী। তাঁর মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন