নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শহরের চাষাড়ায় অবস্থিত বিজয় স্তম্ভে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।
কর্মসূচির শুরুতে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির। পরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট, সিভিল সার্জন ও জেলা পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও এলজিইডি, গণপূর্ত ও শিক্ষা অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন। ফতুল্লা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। বিজয় দিবসের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে চাষাড়া বিজয় স্তম্ভ এলাকা এক আবেগঘন পরিবেশে পরিণত হয়।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন