কুুড়িগ্রামের উলিপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক হাবিবুর রহমানের বিরুদ্ধে অনৈতিক প্রস্তাব এবং ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্তের উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দাঁড়ার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাপসী রাবেয়া এবং নেফড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আশরাফুল আলম মিয়া লিখিতভাবে অভিযোগ দাখিল করেন বলে জানা গেছে। অভিযোগে অভিযুক্ত হাবিবুর রহমানের বিরুদ্ধে অনৈতিক প্রস্তাব এবং বিভিন্ন প্রশাসনিক অনিয়মের বিষয় উল্লেখ করা হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনার আলোকে অভিযোগটি যাচাই-বাছাইয়ের জন্য আগামী ২৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় উপজেলা শিক্ষা অফিস, উলিপুর, কুড়িগ্রামে আনুষ্ঠানিক তদন্ত অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, তদন্তে অভিযোগকারী ও অভিযুক্ত উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকার জন্য অবহিত করা হয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় শিক্ষা মহলে আলোচনা সৃষ্টি হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ নার্গিস ফাতেমা তোকদার জানান, অফিস সহকারীর সাথে অভিযোগকারীদের কি হয়েছে তা আমি জানি না, তবে কেবলই অনলাইন থেকে অভিযোগের কপি ডাউনলোড করলাম। অফিস সহকারী হাবিবুর রহমান জানান, উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন