বাঞ্ছারামপুরে তিতাস নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি  প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৭:৩৪ পিএম
বাঞ্ছারামপুরে তিতাস নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার তিতাস নদীতে এক যুবকের লাশ ভেসে উঠেছে। আজ ২৩ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার থানা ঘাট সংলগ্ন তিতাস নদী থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত যুবক উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের হোসেনপুর গ্রামের নজরুল মিয়ার ছেলে মোহাম্মদ আলী (২৮)।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার বিকেলে তিতাস নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা ট্রিপল নাইনে ফোন করে। খবর পেয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মোহাম্মদ ইয়াছিন মিয়া নিজেই ট্রলার নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে কাপড়চোপড় দেখে মরদেহ শনাক্ত করেন।

পরিবার জানায়, মোহাম্মদ আলী গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি।

নিহতের পিতা নজরুল মিয়া বলেন, “আমার ছেলে মানসিক প্রতিবন্ধী ছিল। তিন দিন ধরে তাকে খুঁজে পাচ্ছিলাম না। আজ নদীতে লাশ ভাসছে শুনে এসে দেখি এটা আমার ছেলে। তার কোনো শত্রু ছিল না।”

নিহতের মা জানান, “কয়েকদিন ধরে কুমিল্লায় নিয়ে তার চিকিৎসা করাচ্ছিলাম। সে মানসিকভাবে অসুস্থ ছিল। কীভাবে নদীতে গেল, আমরা জানি না। মানুষের কাছে শুনে ও ফেসবুকে দেখে এসে ছেলের লাশ শনাক্ত করি।” 

নিহতের চাচাও জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে এসে তারা মরদেহ শনাক্ত করেন।

ওসি মোহাম্মদ ইয়াছিন মিয়া বলেন, “ট্রিপল নাইনে কল পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে একটি মরদেহ উদ্ধার করি। পরে পরিবারের সদস্যরা এসে এটি শনাক্ত করেন। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এএন