কক্সবাজার ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের গাড়িবহরের একটি গাড়ির চাপায় এক শিশু নিহত হয়েছে।
রোববার বিকেল ৪টার দিকে চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের আহমদ কবিরের ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম মো. খালিদ বিন ওয়ালিদ। সে বদরখালী ইউনিয়নের তেচ্ছিপাড়ার বাসিন্দা আমানুল ইসলামের ছেলে। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা বহরের কয়েকটি গাড়ি ভাঙচুর করে।
স্থানীয়দের বরাতে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, বিকেলে কুতুবদিয়া থেকে চকরিয়ার মগনামা ঘাট হয়ে মহেশখালী ফেরার পথে সংসদ সদস্যের গাড়িবহরটি বদরখালীর আহমদ কবিরের ঘাট এলাকা অতিক্রম করছিল।
এ সময় বহরের তিন নম্বর গাড়িটি এক শিশুকে চাপা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, ঘটনার পর উত্তেজিত জনতা বহরের কয়েকটি গাড়িতে ভাঙচুর চালালেও সংসদ সদস্যসহ সাথে থাকা লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ বর্তমানে হাসপাতালে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন