শ্রীপুরে ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষে আহত ৩

মিরাজ আহমেদ, মাগুরা প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১১:৪৩ পিএম
শ্রীপুরে ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষে আহত ৩

মাগুরার শ্রীপুর উপজেলায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। গ

রোববার সন্ধ্যায় শ্রীকোল ইউনিয়নের দোসতিনা বাজার এলাকায় এই সহিংসতা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দোসতিনা ও ছোনগাছা গ্রামকেন্দ্রিক দীর্ঘদিনের বিরোধের জেরে সালেক সর্দার এবং খন্দকার হাবিবুর রহমানের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। ঘটনার সময় দোসতিনা বাজারের একটি চায়ের দোকানের সামনে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় মুকুল নামের এক ব্যক্তির ওপর প্রতিপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে সংঘাতের সূত্রপাত হয়। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে মুকুলসহ হালিম সর্দার ও খোকন সর্দার নামের আরও দুইজন আহত হন। আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রীপুর থানার পুলিশ জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে পুলিশ কর্মকর্তারা জানান।

তবে এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন, দ্রুত কঠোর ব্যবস্থা না নিলে আবারও হামলা বা লুটপাটের মতো ঘটনা ঘটতে পারে। বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

জেএইচআর