রাজবাড়ীর গোয়ালন্দে ‘পলিথিন ব্যবহার পরিহার করি, পাট পণ্যের বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী নাবী পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে এই কর্মশালাটি সম্পন্ন হয়।
প্রশিক্ষণে পাট চাষের আধুনিক পদ্ধতি, উন্নত বীজ ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে চাষীদের বিস্তারিত ধারণা দেওয়া হয়। সেই সাথে পাটের উৎপাদন বৃদ্ধিতে সরকার প্রদত্ত বিভিন্ন সহায়তা ও কৃষি ভর্তুকি বিষয়েও আলোচনা করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণ পাট চাষিদের সচেতনতা বৃদ্ধিতে এবং গুণগত মানসম্মত বীজ উৎপাদনে কার্যকর ভূমিকা রাখবে।
কর্মশালায় উপস্থিত স্থানীয় কৃষক-কৃষাণীরা পাটের উৎপাদন ও বিপণন নিয়ে সরাসরি মতামত বিনিময়ের সুযোগ পান। পাট চাষের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে কৃষি কর্মকর্তারা সমাধানের পরামর্শ দেন। সোনালী আঁশের গৌরব ফিরিয়ে আনতে আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তারেক মুহাম্মদ লুৎফল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দার এবং উপজেলা পাট কর্মকর্তা মো. মিজানুর রহমান।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন