প্রতিবেশীদের কটূক্তি আর উপহাসকে পাশ কাটিয়ে নিজের স্বপ্নের পথে এগিয়ে সফল হয়েছেন মেহেরপুরের কৃষি উদ্যোক্তা মঞ্জুরুল ইসলাম। নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ারিং পেশার পাশাপাশি তিনি এখন সফল স্ট্রবেরি চাষি। মেহেরপুরের মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামের এই উদ্যোক্তা বর্তমানে বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন।
মঞ্জুরুল ইসলামের শুরুটা ছিল মূলত মেয়ের শখ পূরণের জন্য। বাড়ির ছাদে মাত্র দশটি চারা রোপণ করে ভালো ফলন দেখে তিনি বাণিজ্যিকভাবে চাষ করার পরিকল্পনা করেন। কয়েক বছর আগে পরীক্ষামূলকভাবে চাষ শুরু করলে এলাকাবাসীর অনেকেই তাকে নিরুৎসাহিত করেছিলেন। তবে আধুনিক প্রযুক্তি ও নিয়মিত পরিচর্যায় তিনি প্রথমবারেই সফল হন।
বর্তমানে মঞ্জুরুলের আড়াই বিঘা জমিতে ১৭ হাজার স্ট্রবেরি গাছ রয়েছে। ইতোমধ্যে বাগান থেকে প্রায় ৪ লক্ষ টাকার ফল বিক্রি হয়েছে। তিনি জানান, সবকিছু ঠিক থাকলে এই মৌসুম শেষে ১৭ লক্ষ টাকার ফল বিক্রি সম্ভব হবে। প্রতিদিন বাগান থেকে ৪০ থেকে ৫০ কেজি ফল সংগ্রহ করা হচ্ছে, যা প্রতি কেজি ৬০০ থেকে ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
সরজমিনে বাগানে গিয়ে দেখা যায়, সারিবদ্ধ গাছে লাল টসটসে পাকা স্ট্রবেরি শোভা পাচ্ছে। নতুন এই ফসল দেখতে এবং চারা সংগ্রহ করতে প্রতিদিন বিভিন্ন এলাকার মানুষ ভিড় করছেন। স্থানীয় চাষি হাফিজুল বলেন, ফলটি দেখতে লোভনীয় এবং লাভজনক। মঞ্জুরুল ভাইয়ের পরামর্শ নিয়ে আমি নিজেও এই চাষ শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।
বাগানে কাজ করা শ্রমিক জিয়াউর রহমান বলেন, আমি দুই মাস ধরে এখানে কাজ করছি। নতুন ফসল হিসেবে এর অনেক চাহিদা রয়েছে। এই বাগানের মাধ্যমে আমাদের মতো অনেকের নতুন কর্মসংস্থান হয়েছে বলে তিনি জানান।
উদ্যোক্তা মঞ্জুরুল ইসলাম আক্ষেপ করে বলেন, জেলা বা উপজেলা কৃষি অফিস থেকে এখন পর্যন্ত কোনো ধরণের সহযোগিতা পাওয়া যায়নি। তবে নিজের প্রচেষ্টায় তিনি এই পর্যন্ত পৌঁছেছেন। তাঁর মতে, চাকরির পেছনে না ছুটে বা বিদেশে না গিয়ে পরিকল্পিতভাবে স্ট্রবেরি চাষে মনোযোগী হলে অনেক বেকার যুবকের ভাগ্য পরিবর্তন হতে পারে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন