চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় প্রেসক্লাবের অস্তিত্ব থাকলেও সাংবাদিকদের স্বার্থরক্ষা বা পেশাগত উন্নয়নে দৃশ্যমান কোনো কার্যক্রম নেই বলে অভিযোগ উঠেছে। উপজেলা সৃষ্টির পর সম্মিলিত উদ্যোগে কর্ণফুলী প্রেসক্লাব গঠন করা হলেও সময়ের সাথে সেটি কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছে বলে স্থানীয় সাংবাদিকরা জানান।
সাংবাদিকদের একাংশের দাবি, রাজনৈতিক পটপরিবর্তনের পর একটি নির্বাচিত কমিটিকে পাশ কাটিয়ে স্বঘোষিতভাবে নতুন কমিটি গঠন করা হয়। তবে জাতীয় বা স্থানীয় গুরুত্বপূর্ণ কোনো কর্মসূচিতে উভয় পক্ষেরই কার্যকর কোনো ভূমিকা দেখা যায়নি। অভিযোগ রয়েছে, প্রশাসনিক কিছু বৈঠকে উপস্থিত থাকা ছাড়া সাংবাদিকদের পেশাগত স্বার্থে সংগঠনটির উল্লেখযোগ্য কোনো উদ্যোগ নেই।
এ পরিস্থিতিতে মূলধারার সাংবাদিকদের মধ্যে অসন্তোষ বাড়ছে। অনেকের মতে, বিভাজন ও নিষ্ক্রিয়তার কারণে কর্ণফুলীতে একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য প্রেসক্লাব গড়ে ওঠা বাধাগ্রস্ত হচ্ছে। স্থানীয় সাংবাদিকদের একটি অংশ আনোয়ারা ও পটিয়া থেকে প্রতিনিধিত্ব করলেও উপজেলা পর্যায়ে এখনো কোনো আনুষ্ঠানিক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়নি।
সিনিয়র সাংবাদিকরা মনে করছেন, পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়া জরুরি। তাঁদের ভাষ্য, কার্যকর ও জবাবদিহিমূলক সংগঠন ছাড়া সাংবাদিক সমাজের স্বার্থ সুরক্ষা সম্ভব নয়। দ্রুত উদ্যোগ না নিলে কর্ণফুলীতে প্রেসক্লাবকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া আরও কঠিন হয়ে পড়বে বলে তাঁরা মনে করেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন