জুনিয়র বৃত্তিতে চাঁদপুর জেলায় শীর্ষে আল-আমিন একাডেমি

চাঁদপুর প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৮:১৭ পিএম
জুনিয়র বৃত্তিতে চাঁদপুর জেলায় শীর্ষে আল-আমিন একাডেমি

দীর্ঘ কয়েক বছর বন্ধ থাকার পর পুনরায় চালু হওয়া অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ৩৩ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে চাঁদপুর জেলায় প্রথম স্থান অর্জন করেছে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে একযোগে দেশের সবগুলো শিক্ষাবোর্ডের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়।

আল-আমিন একাডেমির সহকারী প্রধান শিক্ষক মো. ফারুকুল ইসলাম জানান, একাডেমি থেকে ২২৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৩৩ জন ট্যালেন্টপুল এবং ৬৫ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। জেলায় প্রথম হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানটি কুমিল্লা শিক্ষা বোর্ডে ৬ষ্ঠ স্থান অর্জন করেছে বলে তিনি উল্লেখ করেন।

ফলাফলে দ্বিতীয় অবস্থানে রয়েছে হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ মডেল সরকারি পাইলট হাই স্কুল এন্ড কলেজ। এই প্রতিষ্ঠান থেকে ট্যালেন্টপুলে ২৮ জন এবং সাধারণ গ্রেডে ৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এ ছাড়া চাঁদপুর সদরের মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০ জন এবং হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৬ জন ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।

জেলা শিক্ষা অফিস থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, চাঁদপুর সদর উপজেলায় সর্বোচ্চ ২৬৫ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৮৪ এবং সাধারণ গ্রেডে ১৮১ জন। অন্যান্য উপজেলার মধ্যে হাজীগঞ্জে ১৬৩ জন, কচুয়ায় ১০১ জন, মতলব উত্তরে ৬৩ জন, মতলব দক্ষিণে ৫৯ জন, ফরিদগঞ্জে ৫৩ জন, শাহরাস্তিতে ৫১ জন এবং হাইমচর উপজেলায় ৩২ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলো ফলাফল পাওয়ার পর তাদের সাফল্যের তথ্য নিশ্চিত করেছে। দীর্ঘ বিরতির পর শুরু হওয়া এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় শিক্ষার্থীদের এমন সাফল্যে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

জেএইচআর