জামালপুর সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, দীর্ঘ ১৭ বছর মানুষ দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করেছে। ভোট ডাকাতিসহ জোর-জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে তারা রাজপথে ছিল। সংগত কারণেই মানুষ আজ স্বপ্ন দেখছে তাদের ভোটে নির্বাচিত বিএনপির নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ একটি দুর্নীতি, দুঃশাসন ও সন্ত্রাসমুক্ত কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে বলে তিনি মন্তব্য করেন।
শুক্রবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা মৎস্যজীবী দল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মৎস্যজীবী দলের এই গৌরবময় পথচলাকে কেন্দ্র করে দলীয় কার্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সংসদ সদস্য ওয়ারেছ আলী মামুন আরও বলেন, জনগণের কল্যাণে বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে আমরা আমাদের প্রিয়নেতা জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার যোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যেতে চাই। তারেক রহমান আজ বিএনপির হাল ধরেছেন এবং তাঁর নেতৃত্বেই বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও জানান, আগামীর এই দেশ গড়ার সংগ্রামে বিএনপির প্রতিটি সৈনিকের মতো জাতীয়তাবাদী মৎস্যজীবী দলও রাজপথে শরিক থাকবে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবী দলের এই বিশাল আয়োজনে অংশ নেওয়া সকল নেতাকর্মীকে তিনি ধন্যবাদ জানান।
জামালপুর জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. জুনায়েদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান, সহ-সভাপতি হাজী আব্দুল মালেক এবং সদর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন