নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা সভায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট নিরসন, অবৈধ চুনা কারখানার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং অপরাধ দমনে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। তিনি অপরাধ দমনে সংশ্লিষ্ট সব সংস্থাকে আরও সক্রিয় ও সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতু থেকে মোগরাপাড়া চৌরাস্তা পর্যন্ত দীর্ঘস্থায়ী যানজটের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। এ সময় মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।
অবৈধ চুনা কারখানার বিষয়ে এমপি আজহারুল ইসলাম মান্নান বলেন, উচ্ছেদ অভিযান যেন শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পর তা পুনরায় চালুর অভিযোগও কঠোরভাবে পর্যবেক্ষণ করতে হবে। স্থায়ীভাবে অবৈধ কারখানা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
সভায় সোনারগাঁ থানা পুলিশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকার প্রশংসা করা হয়। ডাকাতি ও হত্যা মামলার আসামি গ্রেপ্তার এবং মাদকবিরোধী অভিযানে ইতিবাচক সাফল্যের বিষয়টি তুলে ধরা হয়। একই সঙ্গে অপরাধ দমনে আরও নিরপেক্ষ, পেশাদার ও সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, হাইওয়ে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন