পিরোজপুরের কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে আসলাম হোসেন চান (৫৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আসামির সাথে ধস্তাধস্তির একপর্যায়ে দুই পুলিশ আহত হয়েছে।
আসলাম হোসেন চান কাউখালীর সুবিদপুর গ্রামের মৃত আব্দুল মজিদ হাওলাদারের ছেলে।
জানা গেছে, শনিবার বিকেলে কাউখালী থানার ওসি(তদন্ত) এবাদ আলী মোল্লার নেতৃত্বে কাউখালী থানার পুলিশ উপজেলার উজিয়াল খান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
এ সময় আসলাম মারমুখী হয়ে পুলিশের উপর চড়াও হলে ধস্তাধস্তির ঘটনা ঘটে এতে কাউখালী থানার ওসি (তদন্ত) এবাদ আলী মোল্লা, এস. আই মাসুদ আল মামুন এবং আসামি আসলাম আহত হন। তাদেরকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট কাউখালী উপজেলা বিএনপির অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার তাকে আদালতে পাঠানো হয়।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আসলাম হোসেন চানকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।’
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন