বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নেতা এবং নাটোর-২ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে জাতীয় সংসদের হুইপ মনোনীত করায় নাটোরে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন নেতাকর্মীরা।
সোমবার প্রজ্ঞাপন জারির খবর নাটোরে পৌঁছালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে সংসদ সচিবালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত করা হয়েছে। এই খুশিতে সন্ধ্যায় ইফতারের পর নাটোর শহরের স্টেশন বাজার এলাকায় বিএনপির পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হয়। জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম উপস্থিত থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন।
এ সময় দলীয় নেতাকর্মীরা একে অপরকে শুভেচ্ছা জানান এবং দুলুর এই অর্জনকে নাটোরবাসীর জন্য বড় সম্মান বলে অভিহিত করেন। তাঁরা বলেন, অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর হুইপ মনোনয়ন দলীয় কার্যক্রমকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
হুইপ হওয়ার এই খবরে নাটোর জেলাজুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। নবনিযুক্ত হুইপের নেতৃত্বে আগামীতে এলাকার উন্নয়ন ও রাজনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে স্থানীয় নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন