মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পে ডাকাতি চেষ্টা ব্যর্থ, আটক ১

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০২:৪৩ পিএম
মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পে ডাকাতি চেষ্টা ব্যর্থ, আটক ১

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পে একটি সশস্ত্র ডাকাতদলের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। 

মঙ্গলবার ভোরে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই স্থাপনায় (কেপিআই) হানা দেওয়ার সময় আনসার সদস্যদের অসীম সাহসিকতায় ডাকাতচক্রটি পালিয়ে যেতে বাধ্য হয়। এ সময় ধাওয়া করে চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।

আনসার-ভিডিপি সদর দপ্তর সূত্রে জানা গেছে, দিবাগত রাত আনুমানিক ৩টা ৫০ মিনিটের দিকে প্রকল্পের ‘মগডেইল পোস্ট’-এ দায়িত্বরত দুইজন সশস্ত্র আনসার সদস্য সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে চ্যালেঞ্জ করেন। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ২০-২৫ জনের ডাকাতদলটি দেশীয় অস্ত্র নিয়ে হামলার চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আনসার সদস্য মোঃ আশিকুর রহমান তাঁর শর্টগান থেকে ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।

গুলির শব্দে ডাকাতদলটি ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যেতে শুরু করলে নিকটস্থ নৌবাহিনীর একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আনসারদের সাথে অভিযানে অংশ নেয়। যৌথ ধাওয়ার একপর্যায়ে মগডেইল গ্রামের শহিদুল্লাহ (৪০) নামের এক ডাকাতকে আটক করা সম্ভব হয়। আটক ব্যক্তি ওই এলাকার আব্দুস শুক্কুরের ছেলে বলে জানা গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক শহিদুল্লাহকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অন্ধকারে চক্রের অন্য সদস্যরা পালিয়ে গেলেও তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়েছে।

জাতীয় সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে আনসার সদস্যদের এই পেশাদারিত্ব ও তাৎক্ষণিক সিদ্ধান্তের প্রশংসা করেছেন সংশ্লিষ্টরা। তাঁরা জানান, বাহিনীর এমন দৃঢ় অবস্থানের ফলে একটি বড় ধরনের নাশকতা ও রাষ্ট্রীয় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। দেশের জ্বালানি নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষায় আনসার বাহিনীর এই তৎপরতা আগামীতেও অব্যাহত থাকবে বলে তাঁরা উল্লেখ করেন। প্রেস রিলিজ

জেএইচআর