ময়মনসিংহ সদর উপজেলায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে রাজিব ইসলাম (২৫) নামে এক চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) রাতে শম্ভুগঞ্জ-পরানগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে।
নিহত রাজিব ইসলাম নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের চর ঈশ্বরদিয়া সাইতনকান্দা এলাকার এবাদুল ইসলামের ছেলে। তিনি আড়াই বছর বয়সী নাফিয়া নামে এক কন্যাসন্তানের বাবা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ১১টার দিকে কয়েকজন ব্যক্তি রাজিবের অটোরিকশা ভাড়া করে শম্ভুগঞ্জ থেকে জয়বাংলা বাজারের উদ্দেশ্যে রওনা হন। পথে চর হরিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়সংলগ্ন নির্জন এলাকায় পৌঁছালে তারা রাজিবকে ঘিরে ধরে। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মরদেহ রাস্তার পাশের ঝোপে ফেলে রেখে অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পেছনে থাকা আরেকটি অটোরিকশার চালক ও যাত্রীরা বিষয়টি দেখে চিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। তবে এর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে চালককে হত্যা করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ঘটনার খবর পেয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল এবং কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন