পোশাকে দ্বিগুণ লাভ, চাঁদপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৫:০৮ পিএম
পোশাকে দ্বিগুণ লাভ, চাঁদপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের বিভিন্ন মার্কেটে ঈদ পোশাকে দ্বিগুণ লাভসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বুধবার দুপুরে জেলা শহরের হাকিম প্লাজা, সরদার প্লাজা ও কোর্ট স্টেশন এলাকায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই অভিযানে নেতৃত্ব দেন। তিনি জানান, অভিযান চলাকালে বিদেশি কসমেটিকসে আমদানিকারকের স্টিকার না থাকায় 'আরিশা স্টোর' এবং 'অরবিন্দ মার্ট' কে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে পোশাকে দ্বিগুণের বেশি লাভ করার প্রমাণ পাওয়ায় 'নিউ কটন ক্লাব' মালিককে ৩ হাজার টাকা এবং পণ্যের ক্রয় রশিদ না থাকায় ও অধিক মুনাফা করায় 'এবি কালেকশন' মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আগামী তিন দিনের মধ্যে পণ্যের মূল্য সংশোধনের নির্দেশনা দেওয়া হয়েছে।

অভিযানকালে জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন প্রতিষ্ঠানে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। এ সময় জেলা স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম, সদর স্বাস্থ্য পরিদর্শক নীনা আক্তার এবং জেলা পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জেএইচআর