জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার উদ্যোগে কর্মহীন লোকদের মাঝে ভ্যানগাড়ি প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরে জেলা শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে পাঁচজন কর্মহীন ব্যক্তির হাতে জীবিকা নির্বাহের উপকরণ হিসেবে এই ভ্যানগাড়ির চাবি তুলে দেন সংগঠনের নেতারা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী বলেন, আমাদের দেশে এখনো বিপুলসংখ্যক মানুষ কর্মহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। দুর্নীতি ও অর্থপাচার রোধ করে সুশাসন প্রতিষ্ঠা করা গেলে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি সম্ভব হবে। আমরা সাংগঠনিকভাবে চেষ্টা করছি যাতে মানুষ সাহায্যনির্ভর নয়, বরং কর্মনির্ভর হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে।
তিনি আরও বলেন, একটি ভ্যানগাড়ি শুধু একটি বাহন নয়, এটি একটি পরিবারের স্বপ্ন এবং স্বাবলম্বিতার প্রতীক। আমরা চাই, এই উদ্যোগের মাধ্যমে উপকারভোগীরা নিজেরা স্বাবলম্বী হবেন এবং সমাজেও ইতিবাচক পরিবর্তন আনবেন।
শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।
তিনি বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষের উচিত কর্মহীনদের পাশে দাঁড়ানো। শুধু দান নয়, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই দারিদ্র্য বিমোচনের টেকসই সমাধান।
শহর জামায়াতের সেক্রেটারি শেখ বেলায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি মো. সবুজ খান, গোলাম মাওলা এবং প্রভাষক ওমর ফারুকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
ভ্যানগাড়ি পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, এই সহায়তা তাঁদের পরিবারে নতুন আশার সঞ্চার করেছে এবং তাঁরা পরিশ্রমের মাধ্যমে সচ্ছলতা ফিরিয়ে আনতে কাজ করে যাবেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন