শরীয়তপুরের নড়িয়া উপজেলার চাঞ্চল্যকর সুরেশ্বর দরবার শরীফের খাদেম জয়নাল সরকার হত্যা মামলার প্রধান আসামি ও দরবার শরীফের গদীনশীন পীর তোহিদুল হোসেন শাহীন নূরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৪ মার্চ) ভোরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে নিজ বাসভবন থেকে তাঁকে আটক করা হয়।
নড়িয়া থানা পুলিশ বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়েছে। এর আগে এই মামলার তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রবিন শেখ নামে একজনকে মুন্সীগঞ্জ থেকে গ্রেপ্তার করে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই মূল পরিকল্পনাকারী হিসেবে শাহীন নূরীকে গ্রেপ্তার করা হয়।
মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ২৫ অক্টোবর জয়নাল সরকারের মেয়ে ইভা আক্তার নড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার দিন জয়নাল সরকার বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরবর্তীতে ২৪ অক্টোবর বিকেলে ঘড়িসার ইউনিয়নের আটপাড়া এলাকার একটি পুকুর থেকে প্লাস্টিকের বস্তাবন্দি অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহার মিয়া বলেন, তদন্তে এই হত্যাকাণ্ডের সঙ্গে শাহীন নূরীর সরাসরি জড়িত থাকার প্রমাণ মিলেছে। শাহীন নূরীর বাড়ি থেকেই তাঁর ব্যক্তিগত গাড়িতে করে মরদেহটি পুকুরে ফেলে আসা হয়েছিল। তাঁকে আজ আদালতে প্রেরণ করে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন