পার্বত্য মন্ত্রী

দুর্নীতিবাজ নিজের দলের হলেও বরদাশত করা হবে না

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৭:৫০ পিএম
দুর্নীতিবাজ নিজের দলের হলেও বরদাশত করা হবে না

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, দুর্নীতিবাজ ব্যক্তি নিজের দলের হলেও তাঁকে কোনোভাবেই বরদাশত করা হবে না। 

বুধবার সকাল ১০টায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, দুর্নীতির প্রশ্নে সরকারের অবস্থান একদম স্পষ্ট 'জিরো টলারেন্স'। ব্যক্তি বা দলের পরিচয় নয়, দেশের স্বার্থই সবার আগে উল্লেখ করে তিনি বলেন, পাহাড়ে উন্নয়নের নামে কেউ অনিয়ম, স্বজনপ্রীতি বা ক্ষমতার অপব্যবহার করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানে বাস্তব অগ্রগতি আনতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মতবিনিময় সভায় গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, গঠনমূলক সমালোচনা করুন, প্রকৃত সমস্যা তুলে ধরুন এবং অনিয়ম ধরিয়ে দিন। সাংবাদিকদের সহযোগিতা পেলে পাহাড়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও শক্তিশালী হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার এবং রাঙ্গামাটি চেম্বার অব কমার্সের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ মামুনুর রশীদ মামুন।

এছাড়াও রাঙ্গামাটি জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক, রাঙ্গামাটি পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম ভুট্টোসহ মন্ত্রণালয়ের প্রতিনিধি ও কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জেএইচআর