রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় মাদক সেবনের অপরাধে তিন যুবককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার ভোরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের দিয়ারা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন।
দণ্ডপ্রাপ্তরা হলো- বালিয়াকান্দি উপজেলার মো. রিফাত রহমান (১৮), কালুখালী উপজেলার মো. সাগর মন্ডল (১৮) এবং নেত্রকোনা জেলার মো. বিল্লাল মিয়া (১৮)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১০ দিনের কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে তাঁদের আরও ১ দিনের অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে। আসামিরা তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করতে না পারায় তাঁদের মূল সাজার সাথে অতিরিক্ত একদিন কারাভোগের আদেশ কার্যকর করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসী জানান, ভোরে ওই তিন যুবককে মাদকসেবনের সময় হাতেনাতে ধরে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসনের এই কঠোর অবস্থান ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন